ম্যাথ ল্যাব চালুর মাধ্যমে আধুনিক শিক্ষা গড়ার উদ্যোগ: ববি হাজ্জাজ
মানব কথা: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুল (বাড্ডা) এলাকায় গ্রিনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করা জরুরি। তিনি বলেন, সে লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ববি হাজ্জাজ আরও বলেন, সরকার এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারবে। ম্যাথ ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









