শান্তি আলোচনায় ইরানের ভূমিকার প্রশংসা বিরোধীদলীয় নেতার

সময়: 8:07 am - June 18, 2026 |

মানব কথা: ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধীদলীয় নেতা যুদ্ধবিরতি ত্বরান্বিত করার লক্ষ্যে শান্তি চুক্তি সম্পাদনে ইরানের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ভবিষ্যতেও কার্যকর থাকবে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডা. শফিকুর রহমান বলেন, ইরান আগামী দিনগুলোতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বাংলাদেশ-ইরান সম্পর্ক আরও গভীর ও সমৃদ্ধ হবে।বৈঠকে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা-সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক সংঘাতে নিহত ইরানি নাগরিকদের প্রতি শোক ও সমবেদনা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।বৈঠকে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু, এবং মেডিক্যাল টুরিজম উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এ সময় তিনি বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল স্থাপনের জন্য ইরান সরকারের প্রতি প্রস্তাব দেন।ইরানের রাষ্ট্রদূত দুই দেশের সুসম্পর্কের প্রশংসা করে বলেন, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ইরান সম্পর্ক আরও উচ্চতায় নেওয়ার সুযোগ রয়েছে। বৈঠকে ইরান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর