মোহাম্মদপুরের অপরাধীদের পর্যায়ক্রমে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মানব কথা: রাজধানীর মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে পর্যায়ক্রমে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীই আইনের বাইরে থাকবে না। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অপরাধচক্র নির্মূলে সরকার ধারাবাহিক অভিযান চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত হলেও এখন পরিস্থিতি বদলানো হবে এবং পর্যায়ক্রমে সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক এক ছিনতাইয়ের ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুরে এক নারীর ছিনতাইয়ের ঘটনায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে প্রমাণ হয়েছে, কোনো অপরাধীই এখন আর ধরাছোঁয়ার বাইরে নেই।আওয়ামী লীগের কার্যক্রম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২৩ জুনকে কেন্দ্র করে সরকারের কোনো ধরনের উদ্বেগ নেই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যাতে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদনের পর প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য ৩০ দিনের সময় দিয়েছে। এরই মধ্যে তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দুবাইয়ে পাঠানো হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুতগতিতে কাজ করছে। সরকারের লক্ষ্য অপরাধ দমন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।








