কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, কূটনৈতিক মিশন স্থাপনে সম্মতি
নিজস্ব প্রতিবেদক: চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বুধবার (২৪ জুন) চীনের ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে নীতিগতভাবে একমত হন। এছাড়া রাজনৈতিক, বাণিজ্যিক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।এ সময় জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগে বাংলাদেশের সমর্থনের কথা জানান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।









