নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, সচিব কমিটির ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সময়: 7:46 am - June 25, 2026 |

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জনপ্রশাসন-সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রভাব বিবেচনায় নিম্ন আয়ের কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং বেতন বৈষম্য কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সচিব কমিটির ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:

১. আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে নবম পে স্কেল
সরকার নতুন পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার কারণে বর্ধিত বেতন পেতে কিছুটা সময় লাগলেও কার্যকারিতা ১ জুলাই থেকেই গণ্য হবে। পরে বকেয়া (অ্যারিয়ার) পরিশোধ করা হবে।

২. তিন ধাপের বদলে দুই ধাপে বাস্তবায়ন
প্রাথমিকভাবে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও কর্মচারীদের দাবির মুখে দুই ধাপে পুরো পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩. নিম্ন গ্রেডের কর্মচারীদের বেশি সুবিধা
১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রথম ধাপেই বর্ধিত বেতনের ৬০ শতাংশ সুবিধা পেতে পারেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা প্রথম ধাপে পাবেন ৪০ শতাংশ সুবিধা।

৪. বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর পরিকল্পনা
মূল বেতনের পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

৫. এলপিআরভুক্তরাও পাবেন সুবিধা
বর্তমানে অবসরোত্তর ছুটিতে (এলপিআর) থাকা কর্মকর্তা-কর্মচারীদেরও নবম পে স্কেলের সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত বাকি:

বৈঠকে জনপ্রশাসন খাতের সুপারিশ নিয়ে মতৈক্য হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত বেতন কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আরও আলোচনা ও পৃথক বৈঠক হতে পারে বলে জানা গেছে।

আইনি ও প্রশাসনিক প্রস্তুতি চলছে:

নতুন পে স্কেল বাস্তবায়নে কোনো জটিলতা এড়াতে আইনি ভেটিং, বিধিমালা সংশোধন এবং প্রশাসনিক প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর