প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর দেশের জন্য গুরুত্বপূর্ণ: সংসদে মির্জা ফখরুল
মানব কথা:প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর সফরের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপনকালে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হয়। মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের মাত্র চার মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। সফরটি দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং এতে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। তিনি জানান, সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি মালয়েশিয়া ও চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফলপ্রসূ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরের ক্ষেত্রে অতীতের জাঁকজমকপূর্ণ সংবর্ধনার সংস্কৃতি থেকে সরে এসে নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই তিনি কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।
ধন্যবাদ প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তারা উভয়েই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।কণ্ঠভোটে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হলে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সফরের যেকোনো অর্জন ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের জনগণের অর্জন।









