বিদেশের সঙ্গে সব গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
মানব কথা:বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি জাতীয় সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জনগণের প্রতিনিধিদের এসব চুক্তি সম্পর্কে অবগত রাখা প্রয়োজন। শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে সরকারি দলের আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে উপস্থাপন করা হলে জনগণের প্রতিনিধিরা সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এতে সরকার ও জনগণের মধ্যে আস্থা এবং সেতুবন্ধ আরও শক্তিশালী হবে।তিনি বলেন, “এই সংসদ যেন রাষ্ট্রীয় সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। সংসদকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। জনগণ সরকারি দল ও বিরোধী দলের কর্মকাণ্ড মূল্যায়ন করবে এবং তারাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।”
বিরোধীদলীয় নেতা আরও বলেন, “সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল সবকিছুর বিরোধিতা করবে—এই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সমর্থন করি না। সরকারি দলকে যেমন বিরোধী দলকে সম্মান করতে হবে, তেমনি বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে দেশ গঠনে গঠনমূলক ভূমিকা রাখা।” পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে সেই নীতিই অনুসরণ করেছেন।ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা মেনে নেব না। দেশের স্বার্থই সবার আগে। যেকোনো আন্তর্জাতিক চুক্তি হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আবার নিজেরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না।” বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের উন্নয়ন ও সরকারের সফলতা কামনা করেন।









