কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার ৪৮৬ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী

সময়: 9:51 am - June 28, 2026 |

মানব কথা:দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত শিক্ষক পদের অর্ধেকেরও বেশি বর্তমানে শূন্য রয়েছে। জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি শিক্ষক পদ শূন্য। এসব পদের মধ্যে ২ হাজার ২০৪টিতে নিয়োগের জন্য ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৭ হাজার ৭৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টর পদে বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ৪৫তম বিসিএসের মাধ্যমে ৯৭ জন ক্যাডার ও ৩৪৯ জন নন-ক্যাডার শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। পুলিশ ভেরিফিকেশন শেষে তাদের নিয়োগ দেওয়া হবে।তিনি আরও জানান, পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণের সুযোগ থাকলেও পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি পদে প্রয়োজনীয় জনবল না থাকায় তা সম্ভব হচ্ছে না।

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন দুটি বই:

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সাধারণ ধারার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে দুটি নতুন পাঠ্যপুস্তক চালু করা হবে। তার ভাষ্য, কর্মমুখী ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সঙ্গে প্রাথমিক পর্যায় থেকেই পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষাকে আরও আনন্দময় ও সৃজনশীল করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ পাঠ্যপুস্তক চালু করা হবে।

মাতৃভাষাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ:

শিক্ষামন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি ভাষায় মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা (এমএলই) কার্যক্রম চালু রয়েছে। এসব ভাষার শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এমপিও শিক্ষকদের বকেয়া পরিশোধের উদ্যোগ:

আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া ফৌজদারি মামলার কারণে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার বকেয়া সৃষ্টি হয়েছে, বিধি অনুযায়ী তা পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আবেদনগুলো বিবেচনা করা হবে।

দেশে ১৭৪টি বিশ্ববিদ্যালয়:

সংসদে শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে মোট ১৭৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৬টি সরকারি, ১১৬টি বেসরকারি এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩০টি সাধারণ, ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং ৮টি প্রকৌশল, কৃষি, মেডিকেল ও অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।

Share Now

এই বিভাগের আরও খবর