১৫ বছর পর বাধ্যতামূলক হতে পারে এনআইডি নবায়ন: নির্বাচন কমিশন

সময়: 10:54 am - June 28, 2026 |

মানব কথা:জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয়পত্রের তথ্য হালনাগাদ রাখা এবং নাগরিক শনাক্তকরণ আরও নির্ভুল করতে বিষয়টি নিয়ে কমিশনে নীতিগত আলোচনা চলছে। বর্তমান আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিধান থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে ইসি কর্মকর্তারা মনে করছেন, ১৫ বছরে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। এ কারণে পরিচয় যাচাইয়ে জটিলতা এড়াতে নিয়মিত নবায়ন প্রয়োজন। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ভাষ্য, বয়সের সঙ্গে চেহারার পরিবর্তন, আঙুলের ছাপের মান কমে যাওয়া, এমনকি জেন্ডার পরিবর্তনের মতো কারণেও এনআইডির তথ্য হালনাগাদ রাখা জরুরি হয়ে পড়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত ফি দিয়ে কমিশনের কাছে নবায়নের আবেদন করার বিধান রয়েছে। বিধিমালা অনুযায়ী, এনআইডি নবায়নের আবেদন সরাসরি অথবা অনলাইনে করা যাবে। জরুরি আবেদন সাত দিনের মধ্যে এবং সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। বর্তমানে সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়নের বিষয়টি নিয়ে কাজ চলছে। বর্তমানে কেউ চাইলে আবেদন করে এনআইডি নবায়ন করতে পারেন।” অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানান, বিষয়টি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন সব দিক বিবেচনা করবে।বর্তমানে অধিকাংশ নাগরিক এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ডের জন্য আবেদন করেন। তবে ভবিষ্যতে ১৫ বছর পূর্ণ হওয়ার পর বাধ্যতামূলক নবায়নের বিধান চালু হলে দেশের সব নাগরিককেই নির্দিষ্ট সময় পর এনআইডির তথ্য হালনাগাদ করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর