আরবি হরফসংবলিত পতাকা টানানোর ঘটনা তদন্তে সরকার, বললেন তথ্য উপদেষ্টা

সময়: 7:33 am - June 30, 2026 |

মানব কথা: দেশের বিভিন্ন জেলায় আরবি হরফসংবলিত পতাকা টানানোর ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিষয়টি কেন ঘটছে এবং এর পেছনে কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এক সাংবাদিক জানতে চান, দেশের বিভিন্ন স্থাপনায় আরবি হরফসংবলিত পতাকা কারা টানাচ্ছে, সরকার এ বিষয়ে অবগত কি না এবং কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না।জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “এ বিষয়ে এখন বিস্তারিত বলতে চাই না। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। কেন এ ধরনের পতাকা টানানো হচ্ছে, সেটিও যাচাই করা হচ্ছে। কারণ কিছু ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড থেকে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে।”

তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার সচেতন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। ব্যক্তিগতভাবে তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান।ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা হলেও, সেখানে যারা লিখছেন তারাই ঘটনার সঙ্গে জড়িত—এমনটি ধরে নেওয়ার সুযোগ নেই। তাই সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। তিনি আরও বলেন, “যেহেতু বিষয়টি দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃতভাবে ঘটেছে, তাই এর পেছনে কোনো সুপরিকল্পিত উদ্যোগ রয়েছে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে।”

Share Now

এই বিভাগের আরও খবর