চট্টগ্রাম-৪ আসনে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী,আপিল বিভাগের চূড়ান্ত রায়

সময়: 8:04 am - June 30, 2026 |

মানব কথা: ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগও থাকছে না। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মিফতাহ উদ্দিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।

যেভাবে শুরু হয় আইনি লড়াই:

গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং সংশ্লিষ্ট ব্যাংক। ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আপিল খারিজ করলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। পরে কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলেও আদালত তা খারিজ করে দেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী লিভ টু আপিল করলে আপিল বিভাগ তা গ্রহণ করেন এবং নির্দেশ দেন—আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ করা যাবে না।

বেসরকারিভাবে জয়, তবে ফল প্রকাশে নিষেধাজ্ঞা:

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তার ফলাফল প্রকাশ স্থগিত ছিল। সর্বশেষ আপিল বিভাগের রায়ে তার প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনের ফলাফল প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ হয়ে গেল।

Share Now

এই বিভাগের আরও খবর