রাজস্ব আদায় বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

সময়: 9:21 am - July 2, 2026 |

মানব কথা:জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে রাজস্ব আদায় বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আহসান হাবিব। তিনি বলেন, “১৮ কোটি মানুষের প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তাহলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলেই দেশ এগিয়ে যাবে।” এর আগে সোমবার (২৯ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে কর প্রশাসনের সদস্য আহসান হাবিবকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি এ পদে মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন।

১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে বিসিএস পরীক্ষাতেও নিজের ব্যাচে প্রথম হন। দীর্ঘ কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনারসহ এনবিআরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মবিষয়ক বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান পরিচালনা করেন। এছাড়া অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর