আগামী ৫ দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, অতি ভারি বর্ষণে বন্যার শঙ্কা
মানব কথা:দেশজুড়ে আগামী পাঁচ দিন ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় কোথাও কোথাও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিরও আশঙ্কা করা হচ্ছে। বুধবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ জুলাই) সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।শুক্রবার (১০ জুলাই) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
শনিবার (১১ জুলাই) দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার (১২ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় ভারি বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে নিচু এলাকা ও নদী অববাহিকায় জলাবদ্ধতা এবং কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করার পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।









