৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

সময়: 12:02 pm - July 9, 2026 |

মানব কথা:আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে সরকার ইতোমধ্যে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রী জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানমুখী ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং অভিবাসন ব্যয় কমাতে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম (ওইইপি) চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ, ডিমান্ড লেটার ও ভিসা যাচাই, বহির্গমন ছাড়পত্র প্রদানসহ পুরো অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে। ফলে মধ্যস্বত্বভোগী ও দালালচক্রের প্রভাবও কমছে।

আরিফুল হক চৌধুরী জানান, দালাল ও সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করেছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে। সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিধবা নারীসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসগামী শ্রমিকদের জন্য বিমানবন্দরে হেল্প ডেস্কসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বিদেশে মারা যাওয়া বাংলাদেশি কর্মীদের মরদেহ সরকারি সহায়তায় দেশে এনে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা বর্তমান সরকার প্রথমবারের মতো চালু করেছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে কারাগারে থাকা বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং ইতোমধ্যে অনেককে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে সঠিক তথ্য সরবরাহে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর