দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, চ্যাম্পিয়নদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

সময়: 1:33 pm - July 18, 2026 |

মানব কথা:বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।শনিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল এবং আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এ গ্রুপের জন্য নির্ধারিত তাফসিরের বিষয় সুরা ফাতিহা, সুরা বাকারা ও সুরা আলাক।‘খ’ গ্রুপে অনূর্ধ্ব ৪০ বছর বয়সী কামিল, দাওরায়ে হাদিস ও আরবি-ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী, মাদরাসা শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশ নিতে পারবেন। তাদের জন্য নির্ধারিত হয়েছে সুরা আন-নূর, ইয়াসিন, হুজুরাত, আর-রাহমান ও ওয়াকিয়াহ।অংশগ্রহণকারীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। আরবি ভাষায় দক্ষতার পাশাপাশি কোরআনের শব্দিক অর্থ অনুবাদে সক্ষমতা এবং উলুমুল কোরআন, উলুমুত তাফসির, হাদিস, ফিকহ, ইসলামি ইতিহাস ও সাহিত্যে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

জাতীয় পর্যায়ে দুইজন চ্যাম্পিয়ন প্রত্যেকে পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র। এছাড়া প্রথম রানারআপ দুইজন পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দুইজন পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকবে ক্রেস্ট ও সনদপত্র। আগ্রহীদের আগামী ৩১ আগস্ট-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় এক সপ্তাহের প্রশিক্ষণের পর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদপত্র পাবেন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিভাগীয় পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে। নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির জন্য সাহফাহ-৩০ তাফসির, কামিলুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে কাসির ও তাফসিরে মারেফুল কোরআন সহায়ক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর