ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক: ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌর এলাকার চাঁড়িপুরে ইসমাইল ম্যানশনের চারতলা ভবনের ছাদে অভিযান চালায়। অভিযানের সময় সেখানে জুয়া খেলায় লিপ্ত থাকা ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, মো. আইয়ুব, সুজন মহন্ত, আবুল বাশার ভূঁইয়া, মো. শাহীন, ওসমান গণি, ওমর ফারুক খোকন, শরিফ হোসেন, মো. ইব্রাহিম, মো. রনি, মো. শাহেদ, আবুল হাশেম, আনিছুর রহমান, মিজান রহমানসহ আরও একজন আনোয়ার হোসেন। তারা ফেনী ছাড়াও নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস এবং নগদ অর্থ জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অপরাধ ও জুয়ামুক্ত সমাজ গঠনে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, গ্রেপ্তারদের রোববার আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।








