ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৩৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৫৪৬ জন। এর আগে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন ৪৩ হাজার ৭৭৪ জন। মাসভিত্তিক মৃত্যুর হিসাব বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। হাসপাতালে ভর্তি রোগীর মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। জুনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯০৭ জনে। জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে এ সংখ্যা আরও বেড়ে ৪৩ হাজার ৭৭৪ জনে পৌঁছায়। চলতি অক্টোবরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৫৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।









