রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ নৌপ্রধানের, দায়িত্ব পালনে কৃতজ্ঞতা প্রকাশ
মানব কথা: রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী নৌপ্রধান। এ সময় তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নৌবাহিনী প্রধান হিসেবে সফল ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ধন্যবাদ জানান। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বিদায়ী নৌপ্রধানের অবদানের প্রশংসা করেন।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন ও আধুনিকায়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাহিনী আরও শক্তিশালী ও যুগোপযোগী হয়ে উঠবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২৩ জুলাই অ্যাডমিরাল এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।









