পদত্যাগী রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা
মানব কথা: পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আগের কোনো অপরাধের বিচার করতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান। তিনি বলেছেন, বিচারিক বিষয়ে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা বলেন, “আদালত সম্পূর্ণ স্বাধীন। তার বিরুদ্ধে আগের অপরাধের বিচার হতে কোনো আইনগত বাধা নেই। বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।” তিনি বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আদালতই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিচার নিয়ে আগাম কোনো মন্তব্য করা সমীচীন নয়।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি:
এদিকে ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে ভারতে অনুষ্ঠেয় এবারের ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তথ্য উপদেষ্টা বলেন, আমন্ত্রণ পাওয়া গেলেও প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে যাবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাসময়ে জানানো হবে বলেও জানান তিনি।








