ফেনী সফরে প্রধানমন্ত্রীর নতুন সূচি ঘোষণা

সময়: 8:28 am - September 13, 2026 |

ফেনী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন। এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর তার ফেনী সফরের কথা ছিল। তবে পূর্বনির্ধারিত সফরসূচি স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম।জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। আগামী ১ অক্টোবরের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এদিকে প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ নির্ধারণ হলেও তাকে বরণ করে নিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রস্তুতি অব্যাহত রয়েছে।

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’ উদ্বোধন করবেন।এরপর তিনি ফুলগাজীর শ্রীপুর এলাকায় তার নানা বাড়িতে যাওয়ার কথা রয়েছে।দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন

জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে কয়েকটি জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন ও সহায়তা হস্তান্তরের কথা রয়েছে।এর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তর।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সফর সফল করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর