স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম
অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত পাঁচটি আইনের কোথাও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মীর শাহে আলম বলেন, ‘আমাদের স্থানীয় সরকারের যে পাঁচটি আইন আছে, এসবের মধ্যে কোথাও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। অতএব, যারা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের অনুরোধ করব—আপনারা বিভ্রান্ত হবেন না।’
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য বা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর কিংবা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই যে ইউপি সদস্য পদে দাঁড়ালে নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে কিংবা ইউপি চেয়ারম্যান পদে দাঁড়াতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।’শিক্ষাগত যোগ্যতার শর্ত না রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আইনে নেই, সংবিধানেও নেই। যেহেতু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি আইনেও জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।’
এ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ‘একজন সমাজসেবক লেখাপড়া নাও করতে পারেন, স্বশিক্ষিত হতে পারেন। কেউ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে না গেলেও মেধাবী হতে পারেন। তার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকতে পারে এবং তিনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যও হতে পারেন।’এদিকে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সের বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রার্থীকে অবশ্যই ভোটার হতে হবে। তিনি বলেন, ‘আপনি যদি ভোটার হন, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ভোটার হলেই আপনি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন।’










