১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে জাতির মেরুদণ্ড দুর্বল করা হয়েছে: রিজভী
মোঃসাব্বির আহমেদ:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু ও ধ্বংস করে জাতির মেরুদণ্ডকে দুর্বল করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রগতির আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাংলাদেশকে পিছিয়ে রাখার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।bশনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কিন্তু বিগত ১৭ বছরে সেই মেরুদণ্ডকে দুর্বল করে দেওয়া হয়েছে। তাঁর দাবি, এমন সময়ও গেছে যখন পরীক্ষা না দিয়েও কিংবা খাতায় শুধু প্রশ্ন লিখে রেখেও ওপর মহলের নির্দেশে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জোর করে বেশি নম্বর দিয়ে বা কোনো শিক্ষার্থীকে পাস করিয়ে দিলে ব্যক্তি কিংবা জাতি কারওই প্রকৃত লাভ হয় না। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয় এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন বাধাগ্রস্ত হয়।
‘মেধার ভিত্তিতে শিক্ষার মানোন্নয়ন জরুরি’
প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মেধার ভিত্তিতে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো ফল না পাওয়া বা পিছিয়ে পড়ার ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। তাঁর মতে, দীর্ঘদিন ধরে পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও অব্যবস্থাপনা হয়েছে, এসব তারই ফল। তবে বর্তমান প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে প্রকৃত ফলাফল দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রিজভী বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন জরুরি।
নারী শিক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বিএনপির:
নারী শিক্ষার প্রসারে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরে রিজভী বলেন, নারী ক্ষমতায়নের প্রধান শর্ত শিক্ষা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাত্রীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, ভবিষ্যতে বিএ ও অনার্স পর্যন্ত ছাত্রীদের পড়াশোনার খরচ থাকবে না এবং তা সম্পূর্ণ অবৈতনিক করা হবে।
‘কৃতি শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে’
সামাজিক ও স্থানীয় নেতৃত্বের দায়িত্বশীলতার বিষয়টিও তুলে ধরেন রিজভী। দক্ষিণ কেরানীগঞ্জের কৃতি শিক্ষার্থীদের একত্রিত করে সম্মাননা দেওয়ার উদ্যোগকে তিনি দৃষ্টান্তমূলক কাজ হিসেবে উল্লেখ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের অর্জন জীবনের নতুন অধ্যায়ের সূচনা। সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। নিপুন রায় চৌধুরী বলেন, ঢাকা-৩ আসনের শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখবে—এটাই প্রত্যাশা। রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা:
অনুষ্ঠানে ঢাকা-৩ আসনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









