খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

সময়: 11:21 am - September 26, 2026 |

নিজস্ব প্রতিবেদক:ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আফসারের অসুস্থ হয়ে পড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাতে একটি মাঠে ফুটবল খেলার একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি উপুড় হয়ে মাঠে লুটিয়ে পড়েন।

এ সময় উপস্থিত অন্যরা তাকে ঘিরে ধরেন। তাকে সুস্থ করে তুলতে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করেন তারা। পরে কোনো সাড়া না পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

জানা গেছে, মোহাম্মদ আশরাফুল আফসার বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

Share Now

এই বিভাগের আরও খবর