শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা বরদাশত করা হবে না | সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি
জিয়াউল হক টুটুল:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে পলাতক ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কয়েক দফা আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজেকের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পার্বত্য অঞ্চলে চার থেকে পাঁচটি গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। পর্যটন মৌসুমে এসব গোষ্ঠী পাহাড়ের কিছু এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক পর্যায়ে নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। চলতি বছর দেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। দীর্ঘদিন পর হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, অতীতে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে দুর্ঘটনা, সন্ত্রাস ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেছে। এবার এ ধরনের অপসংস্কৃতি থেকে দূরে থাকা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতি ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নজরদারি চালানো হয়েছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিকল্পনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।










