গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: সরকারের সমালোচনায় নাহিদ ইসলাম

সময়: 11:03 am - October 28, 2026 |
মানব কথা ডেস্ক:

৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদ, স্বৈরাচার ও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, মাদক কারবারে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়েছে। ছাত্র-তরুণসহ দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করেছে। তবে ফ্যাসিবাদের সহযোগীরা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি, মূল্যস্ফীতি ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ সামনে আসছে।

মাদক কারবার প্রসঙ্গে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া মাদকের সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এ ধরনের পৃষ্ঠপোষকতার অভিযোগ ছিল, এখন বিএনপির নেতাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে অনেক ক্ষেত্রে খুচরা বিক্রেতা ও সেবনকারীদের গ্রেপ্তার করা হলেও সিন্ডিকেটের সঙ্গে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাদক কারবারের মূল চক্র ভাঙতে রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন ও পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের নেতৃত্ব কার্যকর হচ্ছে না। মাদক কারবার ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এনসিপির আহ্বায়ক। পুলিশের ক্রসফায়ার সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার অর্থ আইনবহির্ভূত কর্মকাণ্ডের সুযোগ দেওয়া নয়। পুলিশকে রাজনৈতিক চাপমুক্ত থেকে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্ষমতাসীন দলের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে কোনো পুলিশ কর্মকর্তাকে যেন বদলি বা পদাবনতি করা না হয়, সে নিশ্চয়তা দেওয়ারও আহ্বান জানান তিনি। বিএনপির ছত্রছায়ায় একটি অংশ বেপরোয়া হয়ে উঠেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনাও ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে নিরপেক্ষ, শক্তিশালী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা জরুরি।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বাড়লেও মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমিক এবং বেসরকারি খাতের কর্মীদের আয় সেই অনুপাতে বাড়েনি। তিনি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি ব্যাংকিং খাত সংস্কার, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সরকারি চাকরিতে দলীয়করণ, প্রশ্নফাঁস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনা উদ্বেগজনক। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত না হলে গণতন্ত্র কার্যকর হবে না।

সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের নির্যাতনের শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর দল সব সময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে থাকবে বলেও জানান তিনি। গঙ্গার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, চুক্তির মেয়াদ শেষে নতুন চুক্তিতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ থাকা জরুরি। পদ্মা ও গঙ্গা নদীকে ঘিরে সরকারের পরিকল্পনা স্পষ্ট নয় অভিযোগ করে এ বিষয়ে সংসদে বিশেষ অধিবেশন আয়োজনের দাবি জানান তিনি। তাঁর ভাষ্য, এই চুক্তির সঙ্গে দেশের কৃষি, পরিবেশ এবং নদীতীরবর্তী কয়েক কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের সময়কার জোট থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আলাদাভাবে অংশ নেবে। তবে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দাবি এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার, গণহত্যার বিচার, তরুণদের কর্মসংস্থান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং নদীর পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘আমাদের ঐক্য হচ্ছে দেশের জনগণের সঙ্গে। আমরা জনগণকে সঙ্গে নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। গণবিরোধী নীতি থেকে সরে না এলে সরকারের সঙ্গে সহযোগিতা বা ঐক্যের সুযোগ থাকবে না।’ সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, ঢাকা দক্ষিণ বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর