বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সময়: 11:43 am - October 28, 2026 |

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বরং ব্যাপক বিনিয়োগ চায়। বিনিয়োগ বাড়লে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো জিগফ্রিড রেঙ্গলি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সুইজারল্যান্ডের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগিয়ে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ করা গেলে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সাক্ষাৎকালে সুইজারল্যান্ডের স্থানীয় সরকার ব্যবস্থার প্রশংসা করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সুইজারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। এ ক্ষেত্রে দেশটির সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি। জবাবে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এ বিষয়ে তাঁর দেশের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রম শক্তিশালী করতে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করেন রাষ্ট্রপতি। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, কারিগরি শিক্ষা এবং শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সুইজারল্যান্ড দূতাবাসের উপমিশনপ্রধান দিপাক এলমার উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর