ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, ইসির ব্যর্থতার দাবি গোলাম পরওয়ারের
মানব কথা ডেস্ক:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে সরকার ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, এসব বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে কমিশন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধমকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছেন। এ ছাড়া দলীয় লোকজনকে পরিচয়পত্র ছাড়াই পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে নির্বাচনের ফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হলেও কমিশন প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তাঁর মতে, এসব ঘটনায় নির্বাচন কমিশনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে।









