রোহিঙ্গা সংকটের দায় মিয়ানমারের, সমাধানও তাদের করতে হবে: আইনমন্ত্রী
জিয়াউল হক টুটুল:
রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এ সমস্যার সমাধানের দায়িত্বও দেশটির বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই পন্থা: জাতীয় কৌশলের রূপরেখা ও বৈদেশিক অবদান’ শীর্ষক জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকারের বিষয়টি বাংলাদেশের বিবেচনায় রয়েছে। রোহিঙ্গা সংকট একদিকে মানবিক বিষয়, অন্যদিকে এর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নও জড়িত। তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশ স্পষ্ট করেছে, শুধু চাপ প্রয়োগ করে বা জোর করে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। তাঁদের স্বদেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মো. আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে নাগরিকত্ব, মানবাধিকার, মর্যাদা ও শিক্ষার অধিকার পান, তা নিশ্চিত করতে হবে। এসব অধিকার নিশ্চিত করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা সংকট সমাধানে একটি জাতীয় কমিটি কাজ করছে। কীভাবে এ সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে। আইনমন্ত্রী বলেন, অতীতে বেগম খালেদা জিয়ার সরকার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার যেভাবে রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করেছিল, বর্তমান সরকারও সেই পথ অনুসরণ করছে। তাঁর মতে, এ পথ ধরেই রোহিঙ্গা সংকটকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া সম্ভব।
নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. শাকিল আহমেদের পরিচালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত ও জাতিসংঘের মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ সুফিউর রহমান।









