হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
মোঃসাব্বির আহমেদ:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৭ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৬১০ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।









