শেখ হাসিনার বিচার দেখতে চায় দেশের মানুষ: তথ্য প্রতিমন্ত্রী

সময়: 11:57 am - November 10, 2026 |

তাহের মাহমুদ:

বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা এবং প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। তাদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়।

এর আগে মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সরকার দায়িত্বশীল সাংবাদিকতা চায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণ যাতে সঠিক তথ্য পায়, সেটিই সরকারের প্রত্যাশা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো প্রশ্ন নেই। প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এবং নীতিমালার প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সেগুলো পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের উৎস বাড়ানোর বিষয়ে তিনি বলেন, গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় প্রতিনিধিদলের সদস্যরা বলেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলো মূলত বিজ্ঞাপননির্ভর। বিজ্ঞাপনের বর্তমান হার দিয়ে অনেক চ্যানেলের পরিচালন ব্যয় নির্বাহ এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন প্রয়োজন। তারা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে। কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেছে। এসব সুপারিশের গুরুত্বপূর্ণ অংশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদলের মতে, এ ধরনের কমিশন গঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে। সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে। সভায় বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রতিনিধিদলের সদস্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর