ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
মোঃসাব্বির আহমেদ:
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সাতজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন ছাড়া) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ২০৬ জন, খুলনা বিভাগের ২২০ জন, রাজশাহী বিভাগের ২২৯ জন, রংপুর বিভাগের ৭১ জন, বরিশাল বিভাগের ২১১ জন এবং সিলেট বিভাগের ২০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৩৬৭ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।









