সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল দায়িত্ব পালন করবে: জামায়াত আমির
শহিদুল ইসলাম:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধারাবাহিক নাশকতা ও বোমা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার দেশ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করবে তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতা ও হামলার ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘মারতে মারতে এখন আর্মি গল্ফ ক্লাবেও ককটেল বিস্ফোরণ ঘটছে। এসবির সদর দপ্তরের সামনে, থানার গেটে বিস্ফোরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল ফুটেছে এবং আজকেও সেখানে দুজন আহত হয়েছেন।’ এ ছাড়া পার্বত্য সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে এক তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং সরকারি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলার বিষয়ও সংসদে তুলে ধরেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন বাহিনী থাকা সত্ত্বেও একের পর এক নাশকতার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। কয়েকজনকে জনগণ ধরে দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘স্পষ্টত আইনশৃঙ্খলার দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতার সমালোচনা করে জামায়াত আমির বলেন, পরিস্থিতির অবনতি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজ থেকে কোনো বিবৃতি দেননি। দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে অবিলম্বে জাতির সামনে স্পষ্ট বক্তব্য দেওয়ার দাবি জানান তিনি। বক্তব্যে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারি দলের একজন প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে শাসানোর সুরে কথা বলেছেন। পাশাপাশি একটি গোয়েন্দা সংস্থা থেকে বিরোধী দলের এক সংসদ সদস্যকে জামায়াত ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একটি গোয়েন্দা সংস্থার সদস্যের এ ধরনের চাপ দেওয়ার অধিকার আছে কি না। একই সঙ্গে দেশ আবার সাড়ে ১৫ বছরের পুরোনো অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে কি না, সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনো আমাদের চোখের সামনে তাজা। এই ভাসমান রক্তের ওপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না।’ সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার দায় বিরোধী দল নেবে না জানিয়ে তিনি বলেন, সরকার যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে বিরোধী দল বসে থাকবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করবে। তবে জাতীয় সংকট উত্তরণে সরকার চাইলে বিরোধী দল আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।









