ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান:তথ্য প্রতিমন্ত্রীর

সময়: 11:35 am - November 12, 2026 |

মানব কথা ডেস্ক:

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মানোন্নয়ন এবং পেশাগত মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সংবাদমাধ্যমের মান নিশ্চিত করতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করা জরুরি। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষের আত্মত্যাগকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, নিউজ পোর্টালের অডিট এবং নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবির অধিকাংশই যৌক্তিক বলে মনে করেন তিনি।তিনি বলেন, নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমের বিকাশ ও উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী। ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সংবাদমাধ্যমের জন্য সুনির্দিষ্ট মানদণ্ড বজায় রাখা অত্যন্ত জরুরি। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট না থাকলে পাঠক অনলাইন নিউজ পোর্টালের প্রতি আগ্রহ হারাবেন। এ জন্য প্রতিটি পোর্টালে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা তৈরির আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরামর্শ নেওয়া হবে।

মতবিনিময় সভায় ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, নিবন্ধিত ও সরকারি নিয়মনীতি অনুসরণকারী অনলাইন নিউজ পোর্টালগুলোর টিকে থাকা এবং বিকাশের জন্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সংগঠনের সদস্যদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কামনা করেন তিনি।সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) বলেন, অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন প্রতিবছর নবায়নের পরিবর্তে অডিটের আওতায় আনার দাবি রয়েছে। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, অনলাইন সংবাদমাধ্যমে উদ্যোক্তারা বিপুল অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু কোনো উদ্যোক্তার মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীরা কীভাবে প্রতিষ্ঠানের মালিকানা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা নেই। এ সমস্যা সমাধানে অনলাইন গণমাধ্যমের মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত সুনির্দিষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।সভায় সংগঠনের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফুল কবির, কার্যনির্বাহী সদস্য তৌহিদুর ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান ও ইউসুফ হাওলাদার বক্তব্য দেন। এ সময় ওনাবের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর