পাইকগাছায় নাশকতা ও অপহরণ মামলায় আটক ২
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় পৃথক অভিযান চালিয়ে নাশকতা ও অপহরণ মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার থেকে পঙ্কজ কর্মকারকে আটক করা হয়। তিনি উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকারের ছেলে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে জিআর ১৩৯/২৪ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, অপহরণ মামলায় কয়রা উপজেলার পাটনিখালি গ্রামের মঞ্জু মোল্লার ছেলে বায়োজিত মোল্লাকে আটক করা হয়েছে। বুধবার রাতে কয়রা থানা-পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে জিআর ২০৮/২৬ নম্বর মামলায় তাকে আদালতে পাঠানো হয়। পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











