বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ুন: এমপি নুসরাত

সময়: 12:05 pm - November 12, 2026 |

মানব কথা ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ঘটনাকে পেট্রল বোমা হামলার মতো উল্লেখ করে এর পেছনে আওয়ামী লীগ জড়িত বলে ব্যক্তিগতভাবে মনে করছেন তিনি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এ ধরনের হামলা চালিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। হামলার ধরন দেখে এটি পেট্রল বোমা হামলা বলে মনে হলেও বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও উল্লেখ করেন তিনি। নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি অপরিচিত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও তিনি একাধিক হুমকিমূলক ফোনকল পেয়েছেন। এ বিষয়ে গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। তবে জিডি করার পরও তাকে বেশ কয়েকটি হুমকি দেওয়া হয়েছে। তার দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট দেওয়া হয়, যা তার কাছে হুমকি বলে মনে হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে সংসদ সদস্য বলেন, সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে পেট্রল বোমা হামলা বলে মনে হচ্ছে। তবে তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলতে চান না তিনি। নিজের বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানিয়ে নুসরাত বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে পাঁচ থেকে ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। তারা বাড়িটি দেখাশোনা করতেন এবং পরিবারের সদস্যের মতোই ছিলেন। তিনি বলেন, এই বাড়িতেই তার শৈশব কেটেছে। তার ছোট ভাই বড় হয়েছেন এবং বাবা-মা সংসার করেছেন। দাদার হাতে তৈরি বাড়িটিতে গবাদিপশুর খামারও ছিল। ঘটনার সময় সেখানে আত্মীয়স্বজন ও একটি অসহায় পরিবার অবস্থান করছিল। হামলায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে বলে জানান তিনি। পুলিশের ভূমিকা নিয়ে নুসরাত বলেন, পুলিশকে খবর দেওয়ার পর রাত আনুমানিক ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। অর্থাৎ ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিশ আসে। পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হওয়ার পরও আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই বাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায় বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত আলামত সংগ্রহ ও ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা দ্রুত খুঁজে বের করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অস্বীকার বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা গ্রহণযোগ্য হবে না। তাদের হাতে ইতোমধ্যে যথেষ্ট প্রমাণ ও আলামত রয়েছে বলেও দাবি করেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের মতো সংসদ সদস্যদের জীবনও এখন অনিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় একজন চালক আহত হওয়ার পাশাপাশি তার বাড়িতে হামলায় একটি শিশুও আহত হয়েছে। দায়িত্বশীলরা যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্র কতটুকু দায়িত্ব নিতে পারে, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়া উচিত। হামলার সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, ঘটনার আগে আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক ব্যক্তিদের কাছ থেকে হুমকি পেয়েছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট দিয়ে উল্লাস প্রকাশের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তবে এসব পোস্টের মাধ্যমে কেউ কেবল ঘটনার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

স্থানীয় কোনো বিরোধ থেকে হামলা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, তিনি নিজের এলাকার মানুষকে সন্দেহ করছেন না। তবে ব্যক্তিগতভাবে এ ঘটনার পেছনে আওয়ামী লীগকে দায়ী বলে মনে করছেন। একই সঙ্গে তিনি বলেন, পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে। এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতে হঠাৎ বিকট শব্দ শুনে তারা গবাদিপশু রাখার ঘরে আগুন দেখতে পান। বাড়িটি নুসরাতের দাদার। এর পাশেই তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন। আগুনে পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। তবে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং গবাদিপশু অন্যত্র সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর