সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
তাহের মাহমুদ:
সফটওয়্যার জটিলতার কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এসব পরিচয়পত্র কবে নাগাদ সচল করা সম্ভব হবে, তা এখনো নির্দিষ্ট করে জানাতে পারছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সমস্যার স্থায়ী সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং বিভিন্ন ধরনের তথ্যগত জটিলতার কারণে নাগরিকদের এনআইডি লক হয়ে রয়েছে। এসব সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার উন্নয়নের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। লক হওয়া এনআইডির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দ্বৈত ভোটার হওয়ার ঘটনা। এ ছাড়া আদালতের আদেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলমান থাকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধেও কিছু নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। দ্বৈত ভোটার হওয়ার কারণে যেসব নাগরিকের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র বহাল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা জাতীয় পরিচয়পত্রটি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বর্তমানে যেসব নাগরিক তাদের এনআইডি লক থাকার বিষয়টি জানাচ্ছেন, তাদের পরিচয়পত্র আনলক করে দেওয়া হচ্ছে। তবে প্রায় ৩৫ হাজার নাগরিকের লক হওয়া এনআইডি পুরোপুরি সচল করতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি নির্বাচন কমিশন।









