দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা

সময়: 5:27 pm - November 16, 2026 |

মানব কথা ডেস্ক:

বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে পৃথক দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন সরকারের ঋণের পরিমাণ ও ঋণ পরিশোধের বিষয়ে জানতে চান। অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ আনুমানিক ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ প্রায় ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি এবং বৈদেশিক ঋণ প্রায় ১০ লাখ ৩২৫ কোটি টাকা। তিনি আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন, ২০২৬ অনুযায়ী চলতি অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে বছর শেষে ঋণ পরিশোধের প্রকৃত পরিমাণে পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) এবং জাতীয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগে থেকে নির্দিষ্ট করে বলা যায় না। এ কারণে এসব খাতে অর্থ উত্তোলনের পরিমাণ বাড়া বা কমার ওপর নির্ভর করে বছর শেষে মোট ঋণ পরিশোধের হিসাবেও পরিবর্তন হতে পারে। অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বৈদেশিক ঋণ সহনশীল পর্যায়ে রাখতে সরকার শুরু থেকেই কাজ করছে। বৈদেশিক ঋণে নতুন প্রকল্প গ্রহণের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্পে ঋণ নেওয়া না হয়। তিনি বলেন, বৈদেশিক ঋণে বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলো যেন ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহায়ক হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ করে উচ্চ সুদ ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার সতর্ক অবস্থান নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান সরকার ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর