হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সময়: 5:00 pm - November 16, 2026 |

মানব কথা ডেস্ক:

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮২ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৫০৯ শিশুর মধ্যে। এ সময়ে ১ হাজার ৪০৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৪৬৮ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ শিশুর। আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১৩ হাজার ৮৭০ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর