দুনিয়া নয়, আখিরাতই আমাদের প্রধান লক্ষ্য: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
দুনিয়ার জীবন নয়, আখিরাতকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখে জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডেও এ আদর্শের প্রতিফলন থাকতে হবে। পাশাপাশি দায়িত্বশীলদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শুরুতে জামায়াত আমির মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে সংগঠনকেও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব পরিস্থিতি অতিক্রম করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘দুনিয়া নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে।’ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াত আমির বলেন, এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তবে এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির মধ্যে হতাশা তৈরি করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি বা সন্ত্রাসের স্থান থাকা উচিত নয়। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে জামায়াতের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে দলটি ভূমিকা রাখবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে দলটির অবস্থান অটুট থাকবে বলেও জানান তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জনগণের সামনে প্রকাশের দাবি জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। এসব বিষয়ে সংসদে জবাব না পেলে জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা হবে। বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।









