নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

সময়: 10:49 am - November 26, 2026 |

জিয়াউল হক টুটুল:

নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার ইতিবাচক। উইমেন্স জার্নালিস্ট ফোরামের আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। উইমেন্স জার্নালিস্ট ফোরাম নিবন্ধন পাওয়ায় সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রথমেই এর আর্থিক ভিত্তি শক্তিশালী করা জরুরি। পর্যাপ্ত অর্থ না থাকলে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন। তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবিধান ও প্রক্রিয়া রয়েছে। বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। তবে ফোরামের পক্ষ থেকে যেভাবে আবেদন করা হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সংগঠনটির জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা যায় কি না, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।

তথ্যমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের ক্ষমতায়ন সরকারের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী করতে কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়ে সরকার কাজ করতে আগ্রহী। আলোচনার মাধ্যমে ফোরামের আর্থিক ভিত্তি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক সমাধান পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নারী সাংবাদিকদের পেশাগত সংকটের বিষয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, বর্তমানে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরি ও বেতন নিয়ে নানা সমস্যা রয়েছে। অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেওয়া হলেও তাঁদের নিয়মিত বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যা সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। ঢাকার বাইরের সাংবাদিকদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মফস্বলে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক সংকট নিয়ে নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সংগঠিত হওয়া এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের নিবন্ধন ও গণমাধ্যমের পরিচয় নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের পরিচয় এবং নিবন্ধন নিয়ে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক এবং কোন গণমাধ্যম নিবন্ধিত—এসব বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকা জরুরি।

তবে সাংবাদিকদের নিবন্ধন বা গণমাধ্যমের কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বাক্‌স্বাধীনতার বিষয়টিও বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, একদিকে প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ন রাখতে হবে। এ দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না; বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে। সাংবাদিকদের সমস্যা ও সংগঠনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনটির কার্যক্রম, আর্থিক সংকট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Share Now

এই বিভাগের আরও খবর