দুদক অভিযোগের পরিসমাপ্তি তবুও ষড়যন্ত্রের শিকার প্রকৌশলী সাইদুর

সময়: 12:17 pm - November 26, 2026 |

নিজস্ব প্রতিবেদক:

নামে বেনামে দেয়া বিভিন্ন অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে পরিসমাপ্তি ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার পরও একের পর এক ষড়যন্ত্রের সন্মুখীন হচ্ছেন বিআইডাব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( ড্রেজিং) সাইদুর রহমান। একটি স্বার্থান্বেষী মহল তার পেশাগত সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়িয়ে দিচ্ছে মিথ্যা, বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য এমন অভিযোগ তার ঘনিষ্ঠজনের।  সূত্র মতে, সম্প্রতি একটি প্রকল্পের ১৩৪ কোটি ৬৫লাখ টাকা অনিয়মের বিষয়ে বিআইডাব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( ড্রেজিং) সাইদুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের চুড়ান্ত নিষ্পত্তি করেছে দুর্নীতি দমন কমিশন। গত বছরের ১০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (অনু ও তদন্ত) ময়মনসিংহ-২ এর উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই নিষ্পত্তি ঘোষণা করা হয়। পত্রে বলা হয় ২০১৯-২১ মেয়াদকালে ময়মনসিংহ অঞ্চলে বাস্তবায়িত একটি প্রকল্পের কাজ না করে ১৩৪ কোটি ৬৫ লাখ টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয় ওই প্রকৌশলীর বিরুদ্ধে। পরবর্তীতে অভিযোগের সত্যতা অনুসন্ধানে নামে দুদক। অপরদিকে একই সময় প্রকৌশলী সাইদুর রহমান এবং তার স্ত্রী শামীমা আক্তারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টিও তদন্ত করে দুদক। তবে গত ৩০ ডিসেম্বর দুদকের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) স্বাক্ষরিত পত্রে এই অভিযোগেরও পরিসমাপ্তি করা হয়েছে।

বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীদের সূত্রে জানা যায়, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতায় নজির স্থাপন করায় ইতিমধ্যে তিনি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে পরিগনিত হয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানের স্বার্থে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। আর এতেই ক্ষুব্ধ হয়ে একটি স্বার্থান্বেষী মহল তার পেশাগত সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভুঁইফোড় কিছু অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টায় লিপ্ত হয়।  এ প্রসঙ্গে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, কর্মজীবনে সবসময় প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অনিয়ম-অনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কোনো সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে, তা গোপনে অপপ্রচার না করে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হোক। প্রয়োজন হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা যেতে পারে। কোনো অভিযোগ সত্য হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু অভিযোগের সত্যতা যাচাই না করেই সংবাদমাধ্যমে তা প্রতিষ্ঠিত সত্য হিসেবে প্রচার করা ন্যায়সঙ্গত নয়। তিনি বলেন, কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের সরবরাহ করা তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথি, সরকারি সিদ্ধান্ত, প্রকল্পের কাগজপত্র ও প্রত্যক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশ করা বাঞ্জণীয়। তিনি সত্য উদ্ঘাটনের জন্য সাংবাদিকদের অনুসন্ধানকে স্বাগত জানান। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সত্য কখনো চাপা থাকে না।

Share Now

এই বিভাগের আরও খবর