প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন তারেক রহমান

সময়: 11:48 am - February 18, 2026 |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারের ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের এক নম্বর ভবনে অনুষ্ঠিত এ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আসন্ন রমজান মাসে জনজীবনে স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং গণমাধ্যম কমিশনসংক্রান্ত প্রস্তাবগুলো নিয়েও কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি সম্মান জানিয়ে প্রতিটি মন্ত্রণালয়কে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে জনগণের প্রত্যাশাপূরণ করা যায়।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, দুর্নীতিমুক্ত থেকে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। পরে বেলা ৩টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সচিবদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর