আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২ মামলা প্রত্যাহার
মানব কথা:ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবত বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।’
এর আগে, ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর, ওই সময় দায়ের হওয়া ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে গত ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
এসব মামলার অধিকাংশই হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।











