হবিগঞ্জের বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ দোকান
মানব কথা: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ২টায় বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টে আগুন জ্বলে ওঠে। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
আরও জানা যায়, একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৩টি মুদি দোকান ও একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের মাইকে ঘোষণা শুনে তারা বাজারে গিয়ে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।















