বাস দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বিআরটিএর নির্দেশনা

সময়: 11:00 am - April 30, 2026 |

মানব কথা: সড়কে বাস চলাচল, ফেরিঘাট ও লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুর্ঘটনার সময় বাস যাত্রীদের দ্রুত বের হয়ে আসার বিষয়টি নিশ্চিত করতে এসব নির্দেশনা দিয়ে সংস্থাটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

গেল মার্চে কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে বাস দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি এবং দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মায় পড়ে ২৬ জন নিহত হয়। তার এক মাস পর বিআরটিএর তরফে এসব নির্দেশনা এল।

এসি ও নন-এসি দুই ধরনের গণপরিবহনের জন্য এই নির্দেশনা দিয়ে বিআরটিএ বলেছে, “বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে।”

এ প্রেক্ষাপটে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (Emergency Exit)’ চিহ্নিত করার পাশাপাশি জানালার কাচ ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নন-এসি গণপরিবহনের জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এসব রড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআরটিএ বলছে, “এসব ব্যবস্থা বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং যাত্রীদের জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে।”

নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর