স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের তোড়জোড়, আলোচনায় ত্যাগী নেতারা

সময়: 12:35 pm - May 4, 2026 |

মানব কথা: দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের উদ্যোগ চলছে। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পদপ্রত্যাশীদের মধ্যে লবিং-তদবিরও চলছে বলে জানা গেছে।

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্ভাব্য নেতৃত্ব নিয়ে হাইকমান্ড ইতোমধ্যে খোঁজখবর নিচ্ছে। শিগগিরই নতুন কমিটি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ‘এক নেতার এক পদ’ নীতি কার্যকরের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

বর্তমান সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের সাংগঠনিক ব্যস্ততা এবং মেয়াদোত্তীর্ণ কমিটির কারণে নতুন কমিটি গঠনের দাবি জোরালো হয়েছে। সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংগঠনের দায়িত্বশীল নেতাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা যায়। নতুন কমিটিতে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে—এমন ইঙ্গিতও মিলেছে।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সংগঠনের কমিটি পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

শীর্ষ পদে আলোচনায় আছেন—সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক পদেও একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন—কাজী মোক্তার হোসেন, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রহিম হাওলাদার সেতু, শেখ ফরিদ এবং ফয়েজুল্লাহ ফয়েজসহ কয়েকজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ ফয়েজ মানব কথাকে বলেন, “দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে মামলা-হামলা সহ্য করেছি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তৃণমূলকে আরও শক্তিশালী করে সংগঠনকে গতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে স্বেচ্ছাসেবক দল আরও শক্তিশালী হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমকে বলেন, সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম চলছে। যেসব কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে। সেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্যের প্রথম কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজী আসাদুজ্জামানের নেতৃত্বে ২৯ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর