মা হলেন ‘মাদার মনস্টার’ লেডি গাগা
বিনোদন ডেস্ক:বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগা প্রথমবারের মতো মা হয়েছেন। ভক্তদের কাছে ‘মাদার মনস্টার’ নামে পরিচিত এই তারকার বাগদত্তা উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সঙ্গে এটি প্রথম সন্তান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল তাদের সন্তানের জন্মের খবর নিশ্চিত করেছে।সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে লেডি গাগার ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।
চলতি বছরের এপ্রিল মাসে নিজের জনপ্রিয় ‘মেহেম বল’ বিশ্ব সফর শেষ করার পর থেকেই অনেকটা আড়ালে ছিলেন ৪০ বছর বয়সী এই গায়িকা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে বুকে জড়িয়ে মাইকেল পোলানস্কির সঙ্গে ঘুরতে দেখা যায় তাকে। এ সময় প্রথমবারের মতো ক্যামেরাবন্দি হন এই তারকা দম্পতি।তবে সন্তানের গোপনীয়তা রক্ষায় এখনো নবজাতকের নাম, লিঙ্গ কিংবা সুনির্দিষ্ট জন্মতারিখ প্রকাশ করেননি লেডি গাগা ও মাইকেল পোলানস্কি।
২০২০ সাল থেকে মাইকেল পোলানস্কির সঙ্গে সম্পর্কে রয়েছেন লেডি গাগা। ২০২৪ সালে তাদের বাগদান সম্পন্ন হয়। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে মাতৃত্বের প্রতি নিজের গভীর আগ্রহ ও দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন এই গায়িকা।লেডি গাগা বলেছিলেন, সন্তানকে নিজের পছন্দমতো জীবন বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিতে চান তিনি। নিজের স্বকীয়তা নিয়ে যেন সন্তান বেড়ে উঠতে পারে, সেটিই তার প্রত্যাশা।বর্ণাঢ্য সংগীত ও অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি জীবনের নতুন এই অধ্যায়ে পা রেখে উচ্ছ্বসিত লেডি গাগা ও মাইকেল পোলানস্কি।
সূত্র: পিপল
















