গাজীপুরের ভোগড়া বাইপাসে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ ৫০ শ্রমিক

সময়: 11:48 am - May 11, 2026 |

মানব কথা: গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত প্যান ‘এশিয়া ক্লোথিং লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫০ জন শ্রমিক। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজ শুরু করার কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিকের মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতার উপসর্গ দেখা দেয়। পরে একই ধরনের লক্ষণ নিয়ে একে একে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি খারাপ হলে কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের তাইরুননেশা ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ডা. মো. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে আনা শ্রমিকদের মধ্যে অনেকের মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতা ছিল। দ্রুত চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তিনি বলেন, এটি প্রাথমিকভাবে ‘ম্যাস সাইকোজেনিক ডিজিজ’ বা গণ-মনস্তাত্ত্বিক অসুস্থতার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অসুস্থ শ্রমিকদের খোঁজখবর নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর