হাইওয়ে সড়কে কোনো গরুর হাট বসবে না : সেতুমন্ত্রী
মানব কথা:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের হাইওয়ে সড়কের ওপর কিংবা পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ-এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঈদযাত্রায় ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর মাধ্যমে সড়কে অযাচিত যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।
তিনি বলেন, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শেখ রবিউল আলম জানান, কোরবানির পশুবাহী ট্রাকের চলাচল নির্বিঘ্ন করতে রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাস টার্মিনালে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, যত্রতত্র বাসে ওঠানামা না করতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পরিবহন মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্ধারিত স্থান ছাড়া কোথাও যাত্রী ওঠানামা করানো না হয়।
মন্ত্রী আরও বলেন, সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
নৌপথের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় স্পিডবোট বা ছোট নৌযান থেকে সরাসরি লঞ্চে ওঠার সুযোগ থাকবে না। তবে টার্মিনালের নির্ধারিত সিঁড়ি ব্যবহার করে যাত্রীরা লঞ্চে উঠতে পারবেন।
ফেরি পারাপারের ক্ষেত্রেও বিশেষ নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হবে। পাশাপাশি বাসের গতি নিয়ন্ত্রণ এবং পল্টুন এলাকায় ব্যারিকেড স্থাপনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, ঈদযাত্রায় সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।











