শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী
মানব কথা: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে। মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামনাইরা হলো তার মেরুদণ্ড।” তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানভিত্তিক উৎকর্ষতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। গবেষণা প্রকাশনা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি।
তারেক রহমান বলেন, “শুধু পুঁথিগত শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হবে।” বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে বলেও জানান তিনি। অ্যালামনাইদের ভূমিকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে সাবেক শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পৃষ্ঠপোষকতা করে থাকেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত অ্যালামনাইদেরও শিক্ষা ও গবেষণার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মামুন। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক এবিএম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান উপস্থিত থাকবেন।













